কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘কোমলমতি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা (সহশিক্ষা কার্যক্রম) অপরিহার্য। সুস্থ-সবল শরীর ও মন শিশুদের লেখাপড়ায় অধিক মনোযোগী হতে সাহায্য করে।’
তিনি বলেন, ‘সুস্থ জাতি গঠন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। আগামী প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নাই। খেলাধুলার পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
সোমবার (৪ মে) দুপুরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলায় বালক গ্রুপে বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হয়। অপরদিকে বালিকা গ্রুপে সতীপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের মুখোমুখি হয়।
উপজেলা শিক্ষা অফিসার আক্তারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন, এনসিপির উপজেলা আহ্বায়ক মাহফুজ কিরন ও শিক্ষক নেতা ফেরদৌস হোসেন।



