রেলপথ প্রতিমন্ত্রী

ইসলামাবাদ স্টেশনে সব লোকাল ট্রেনের যাত্রা বিরতির ব্যবস্থা করা হবে

‘লোকাল সব ট্রেনের যাত্রা বিরতি, স্টেশন ও যাত্রীদের নিরাপত্তার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। তবে ঢাকা-কক্সবাজারগামী ট্রেনের যাত্রা বিরতির বিষয়ে কিছু সীমাবদ্ধতা রয়েছে।’

আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)

Location :

Eidgaon
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ |নয়া দিগন্ত

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘উপজেলার জনগুরুত্বপূর্ণ এই স্টেশনে জনগণের সুবিধার্থে সব লোকাল ট্রেনের যাত্রা বিরতির ব্যবস্থা করা হবে। পাশাপাশি অত্যাধুনিক এই স্থাপনা ও যাত্রীদের নিরাপত্তায় দ্রুত পদক্ষেপ নেয়া হবে।’

ঢাকা-কক্সবাজারগামী ট্রেনের যাত্রা বিরতি ও স্টেশনের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘লোকাল সব ট্রেনের যাত্রা বিরতি, স্টেশন ও যাত্রীদের নিরাপত্তার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। তবে ঢাকা-কক্সবাজারগামী ট্রেনের যাত্রা বিরতির বিষয়ে কিছু সীমাবদ্ধতা রয়েছে।’

শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

রেলপথ প্রতিমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে সংসদ সদস্য লুৎফর রহমান কাজল প্রয়োজনীয় বিষয়ে লিখিতভাবে অবগত করেছেন এবং এ নিয়ে তিনি খুবই আন্তরিক। সেই আলোকে আমি আজ সরেজমিনে পরিদর্শনে এসেছি এবং আরো সমস্যা থাকলে সেগুলোও যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে প্রতিমন্ত্রী গ্যাংকারযোগে কক্সবাজার ও রামু স্টেশন পরিদর্শন করেন। পরে কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ও বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো: সুবক্তগীনকে সাথে নিয়ে ইসলামাবাদ স্টেশনে পৌঁছান।

সেখানে তাকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মং চিনু মার্মা, থানার সেকেন্ড অফিসার এসআই সনক কান্তি দাশ, সহকারী স্টেশন কর্মকর্তা মো: আব্দুল কাইয়ুম ও মো: আতিকুর রহমান, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনগণ।

প্রতিমন্ত্রীর প্রস্থানের পর সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল স্টেশনের অভ্যন্তরীণ নানা সমস্যা নিয়ে স্টেশন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় তারা অসুস্থ রোগীদের জন্য হুইল চেয়ারের প্রয়োজনীয়তা তুলে ধরলে তিনি উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সমাজসেবা অধিদফতর থেকে চারটি চেয়ার বরাদ্দের নির্দেশনা দেন। এছাড়া তিনি স্টেশন কর্মকর্তাদের জনবলের অভাবসহ অভ্যন্তরীণ অন্য সব সমস্যা উল্লেখ করে একটি নোট দিতে বলেন।