ঝিনাইদহে একটি চারতলা ভবন রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৈয়ব আলী (৩৫) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের পোস্ট অফিস মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত তৈয়ব আলী সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পোস্ট অফিস মোড়ে ওষুধ ব্যবসায়ী আকতারুজ্জামানের ভবনের চার তলার বাইরের দিকের দেয়ালে রংয়ের কাজ করছিলেন তৈয়ব আলী। ওই সময় ভবনের সামনের দেয়ালের বাইরে বৈদ্যুতিক তারের সাথে অসাবধানতাবশত স্পর্শ হয়ে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুজ্জামান বলেন, ‘তৈয়ব আলী হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।



