সিলেট নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
গত ৩২ ঘণ্টায় পরিচালিত অভিযানে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ৪১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
এসএমপি সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৫ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে গ্রেফতার হওয়া আসামি রয়েছেন।
অভিযান চলাকালে ১৬৫ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে।
এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২২টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ১৯টি যানবাহন আটক করা হয়।
রোববার (২৬ জুলাই) এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট নগরী গড়ে তুলতে এসএমপির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



