ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) উদ্যোগে অভিযান চালিয়ে ১৫টি (৩৭ ডিবি) নিয়মবহির্ভূত আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর, কৃষ্ণনগর ও বাঞ্ছারামপুর মধ্যপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিজিডিসিএল কুমিল্লা কার্যালয়ের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
বিজিডিসিএলের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রবিউল হাসান ভূঁইয়া। অভিযানে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
জানা যায়, জ্বালানি ও খনিজ সম্পদ আইন ও সংশ্লিষ্ট বিধিমালা লঙ্ঘন করে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ১৩ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়। তাদের কাছ থেকে সর্বমোট দুই লাখ ৭৪ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে অবৈধ সংযোগে ব্যবহৃত প্রায় ৭০০ ফুট প্লাস্টিকের পাইপলাইন সম্পূর্ণভাবে উচ্ছেদ ও জব্দ করা হয়। একইসাথে বিচ্ছিন্ন করা হয় ১৫টি নিয়মবহির্ভূত আবাসিক গ্যাস সংযোগ এবং জব্দ করা হয় ১৫টি রেগুলেটর।
অভিযানে বিজিডিসিএলের ভিজিলেন্স বিভাগ, এরিয়া বিতরণ কার্যালয় (গৌরীপুর), ইঞ্জিনিয়ারিং সার্ভিস (কুমিল্লা), সেফটি অ্যান্ড সিকিউরিটি ও জনসংযোগ বিভাগের কর্মকর্তাসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



