সাভারে সর্ববৃহৎ স্কুল লেভেল অলিম্পিয়াড ‘ম্যাথ অ্যান্ড সায়েন্স অলিম্পিয়াড ৩.০’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
শবিবার (৯ মে) জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
‘সাভার সায়েন্স সোসাইটি’র আয়োজনে চ্যাম্পিয়ন ১২ জন, গ্র্যান্ড উইনার ৩৯ জন ও রানারস-আপ ৪২৭ জনসহ প্রায় ৫০০ বিজয়ী শিক্ষার্থী ও ১০০ জন স্কুল প্রতিনিধিকে পুরস্কৃত করা হয়।
এর আগে, গত বছরের ২৭ সেপ্টেম্বর সাভার মডেল কলেজে এই অলিম্পিয়াডের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে সাভার ও আশুলিয়ার প্রায় ৮০টি স্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণির প্রায় ৫০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ফয়েজ আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ দিদারে আলম মুহসিন ও একই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো: আনারুল হক মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন সাভার মডেল কলেজের অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন।
অনুষ্ঠানে সাভার সায়েন্স সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আবু বকর সিদ্দিক (বুটেক্স), সংগঠনের সভাপতি মো: মুজাহিদুল ইসলাম (জবি) ও সহ-সভাপতি মো: ওমর ফারুকসহ (রাবি) অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে যাত্রা শুরু করা এই অরাজনৈতিক ও অলাভজনক সংগঠনটি মেধা বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহী করে তুলতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে ঢাকার বাইরে ও সারাদেশে এই কার্যক্রম ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।



