টানা ভারী বর্ষণ, জলাবদ্ধতা ও পাহাড়ধসের আশঙ্কায় রাঙামাটির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবারও শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।
বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কফিল উদ্দিন।
তিনি বলেন, চলমান প্রাকৃতিক দুর্যোগে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং পাহাড়ধসের ঝুঁকি রয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অনেক শিক্ষার্থীকে পাহাড়ি পথ, খরস্রোতা ছড়া ও ঝিরি পার হয়ে বিদ্যালয়ে যেতে হয়। পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলায় বেশ কয়েকটি বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে।
এসব বিষয় বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
এর আগে বুধবারের এইচএসসি ও সমমানের ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে সার্বিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে টানা চতুর্থ দিনের মতো রাঙামাটিতে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। অবিরাম বৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কা আরো বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিচ্ছে। একই সঙ্গে প্রবল বর্ষণে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও প্লাবনের সৃষ্টি হয়েছে। ব্যাহত হচ্ছে যোগাযোগব্যবস্থা।



