দিনাজপুর-৬ আসন থেকে প্রথম মন্ত্রী হিসেবে দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন। এবারই প্রথমবারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীপরিষদে স্থান করে নিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় এর দায়িত্ব পেয়েছেন।
দলীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই তার মন্ত্রীসভায় অন্তর্ভুক্তি দেখা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এলাকাবাসীর প্রত্যাশা, সংসদ সদস্য ও মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে জাহিদ হোসেন দিনাজপুর-৬ আসনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
রাজনৈতিক জীবনে তিনি ২০১০ সালে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৬ সালে দলের কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের ১৬ আগস্ট তাকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৬ আসনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৪ হাজার ৪১৫ ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯টি ভোটকেন্দ্রের ফলাফলে ডা: জাহিদ হোসেন পেয়েছেন দুই লাখ পাঁচ হাজার ১১৮ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় জোটের আনোয়ারুল ইসলাম পেয়েছেন এক লাখ ৯০ হাজার ৭০৩ ভোট।
এলাকাবাসীর আশা, মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দিনাজপুর-৬ আসনের উন্নয়ন, সমাজকল্যাণ এবং নারী ও শিশু অধিকার বাস্তবায়নে দৃশ্যমান অবদান রাখবেন।



