কক্সবাজারের চকরিয়ায় মুখোশধারী ডাকাত দলের হামলায় মোহাম্মদ মুজিবুর রহমান (৪৫) নামের এক মাংস ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের কাকারা শাহ ওমর মাজার সংলগ্ন বৃটিশ টোব্যাকো অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মুজিবুর কাকারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বটতলী কসাই পাড়ার বাসিন্দা মোহাম্মদ ফকির আহমদের ছেলে।
স্থানীয়রা জানায়, ঘটনার দিন রাতে কসাই পাড়ার তিনজন লোক মাজারে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে পাঁচ থেকে ছয়জন মুখোশধারী ডাকাত দল তাদেরকে অস্ত্র দেখিয়ে সবকিছু ছিনিয়ে নেন এবং মারধর করে হাত-পা বেঁধে সড়কের পাশে তামাক ক্ষেতে ফেলে যান। এ সময় একজন কোনো রকমে পালিয়ে গিয়ে চিৎকার দিলে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মুজিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওইদিন রাত ৮টার দিকে মুজিবুর রহমানকে কয়েকজন লোক মাজারে দাওয়াত খাওয়ার কথা বলে ডেকে নিয়ে যান। পরে পরিবারের লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে তার খোঁজ নিতে যান।
নিহতের পরিবার প্রকৃত হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। জড়িতদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।’



