ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে গাড়ি চাপায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন।
রোববার (৩ মে) রাত ১১টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের দোগাছি নামক স্থানে এ ঘটনা ঘটে।
সোমবার সকালে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম এ সব তথ্য নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি নামক স্থানের ঢাকামুখী লেনে একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় একজন নিহত হন। রাত ১১টা ১০ মিনিটে সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। একপর্যায়ে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা লাশ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মামুন-আল-রশীদ সকালে নয়া দিগন্তকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক বিকারগ্রস্ত অজ্ঞাতপরিচয় ওই নারী রাস্তায় চলাচলের সময় গাড়ির চাপায় নিহত হন। তার আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। তবে এখন পর্যন্ত নিহত ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।’



