শেরপুরে সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিজাইডিং অফিসারসহ নিহত ২

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে তিনি বাড়ি থেকে বের হন নির্বাচনী দায়িত্ব পালনের উদ্দেশ্যে। সিএনজিযোগে শেরপুরে আসার পথে সদর উপজেলার শিমুলতলী এলাকায় একটি মিনিবাসের সাথে সংঘর্ষ ঘটলে নারী ও শিশুসহ সাতজন গুরুতর আহত হন।

এ জে এম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর)

Location :

Sherpur Sadar
নিহত সহকারী প্রিজাইডিং অফিসার রোকনুজ্জান রুকন
নিহত সহকারী প্রিজাইডিং অফিসার রোকনুজ্জান রুকন |নয়া দিগন্ত

শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দায়িত্ব পালন করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক সহকারী প্রিজাইডিং অফিসারসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী এলাকায় একটি মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সহকারী প্রিজাইডিং অফিসার রোকনুজ্জান রুকন (৩১) শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায়।

দুর্ঘটনায় নিহত আরেকজন হচ্ছেন মাহফুজা (১৯)। তিনি জামালপুরের মাদারগঞ্জের কাতলামারি এলাকার মো: নীরবের স্ত্রী।

আহতরা হচ্ছেন— শাহীন (৩০), রায়হান (৩০), মোহাম্মদ (২৮), সুরাইয়া (২২) ও নিহত মাহফুজার তিন মাস বয়সী শিশু।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার পারিবারিক কাজে সহকারী প্রিজাইডিং অফিসার রোকনুজ্জান রুকন শেরপুর থেকে গ্রামের বাড়িতে যান। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে তিনি বাড়ি থেকে বের হন নির্বাচনী দায়িত্ব পালনের উদ্দেশ্যে। সিএনজিযোগে শেরপুরে আসার পথে সদর উপজেলার শিমুলতলী এলাকায় একটি মিনিবাসের সাথে সংঘর্ষ ঘটলে নারী ও শিশুসহ সাতজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে মাহফুজাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আর গুরুতর অবস্থায় সহকারী প্রিজাইডিং অফিসার রোকনুজ্জামানকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করলে সেখানে নেয়ার পথে তিনি মারা যান। বাকি পাঁচজন জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহেল রানা বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে শেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক বলেন, একজন সহকারী প্রিজাইডিং অফিসারের নিহতের বিষয়টি নিশ্চিত হয়েছি। তার কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য অন্য একজন কর্মকর্তাকে নিয়োগ দেয়া হবে। আমাদের হাতে পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তা রয়েছেন।