বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙ্গামাটি রিজিয়নের অধীন ৪৫ বিজিবি বরকল জোনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিকসান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আসা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিজিবি কাপ্তাই জোনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
এসময় বিজিবির দক্ষ মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: রকিবুল ইসলাম রনি আশ্রয় কেন্দ্রে আসা পাহাড়ি-বাঙালি শিশু, বৃদ্ধ ও নারীদের বিভিন্ন পরীক্ষা করাসহ ওষুধ দেন।
৪৫ বিজিবির মেডিক্যাল অফিসার জানান, বেশির ভাগ শিশুর সর্দি, ঠান্ডাজনিত কাশি, অনেক নারী ও বৃদ্ধ পুরুষের ঠান্ডাজনিত কাশি, অনেক হাঁপানি, শরীর দুর্বল, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়।
নিকসান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বিজিবির চিকিৎসা নিতে আসা আসমা বেগম জানান, শিশু অসুস্থ, তাই সেবা নিতে এসেছেন।
বৃদ্ধ জমিলা খাতুন বলেন, ‘বিজিবি আমার চিকিৎসা করেছে এবং বিনামূল্যে ওষুধ দিয়েছে তাতে আমি খুশি।’
৩ নম্বর আইমাছড়া ইউপির সাবেক মেম্বার তমির আলী জানান, দীর্ঘ এক সপ্তাহের বেশি সময় ধরে প্রবলবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বরকল জোন আশ্রয়কেন্দ্রে আসা প্রায় ৩০০ নারী, শিশু ও বয়স্কদের মাঝে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে। তার জন্য আমি ৪৫ বিজিবি জোনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
বিজিবি বরকল জোন তথ্যসূত্রে জানা যায়, প্রায় ৩০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। বিকেলে বরকল জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: রকিবুল ইসলাম রনি আশ্রয় কেন্দ্রে চিকিৎসা নিতে আসা লোকজনের সাথে কথা বলেন এবং বিজিবি এ ধরনের দুর্যোগে বন্যার্তদের পাশে ভবিষ্যতে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



