মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

২০১২ সালের ৪ ডিসেম্বর যৌতুকের দাবিতে স্ত্রী ডলি খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন সাজু হোসেন।

মেহেরপুর প্রতিনিধি

Location :

Meherpur
জেলা জজ আদালত, মেহেরপুর
জেলা জজ আদালত, মেহেরপুর |সংগৃহীত

যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী সাজু হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এই রায় ঘোষণা করেন। রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত আসামি সাজু হোসেন আদালতে অনুপস্থিত থাকায় তার জামিন আবেদন বাতিল করে গ্রেফতারি পরোয়ানার নির্দেশ দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত সাজু মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকার বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৪ ডিসেম্বর যৌতুকের দাবিতে স্ত্রী ডলি খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন সাজু হোসেন। স্বজনরা ডলিকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ ডিসেম্বর ডলি খাতুনের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা শেফালি খাতুন মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সাক্ষ্য-প্রমাণ ও জবানবন্দির ভিত্তিতে আদালত অভিযুক্ত সাজু হোসেনকে দোষী সাব্যস্ত করে এই রায় প্রদান করেন।

মামলায় আসামির পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এ কে এম শফিকুল আলম।