মদ্যপ অবস্থায় নারায়ণগঞ্জ নৌপুলিশের অসংলগ্ন আচরণের অভিযোগ

খোঁজ নিয়ে জানা গেছে, অস্বাভাবিক আচরণ করা ওই পুলিশ সদস্যের নাম আব্দুল মান্নান। তিনি এ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। স্ত্রীর সাথে দাম্পত্য কলহের থেকে মানসিক ভারসাম্য হারিয়ে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
সহকারী উপ-পরিদর্শক মো: আব্দুল মান্নান
সহকারী উপ-পরিদর্শক মো: আব্দুল মান্নান |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ শহরের সেন্ট্রাল খেয়াঘাটে নারায়ণগঞ্জ সদর নৌ থানার সহকারী উপ-পরিদর্শক মো: আব্দুল মান্নানের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় জনসম্মুখে অসংলগ্ন আচরণ করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতের দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভিডিওর সূত্র ধরে সেন্ট্রাল খেয়াঘাটের কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতের দিকে হঠাৎ করে বন্দর খেয়াঘাটে গিয়ে মদ্যপ অবস্থায় মাতলামি শুরু করেন সহকারী উপ-পরিদর্শক আব্দুল মান্নান। এসময় তিনি নিজের এবং সেখানে উপস্থিত দুই ব্যক্তির মোবাইল ফোন ভেঙে ফেলেন বলে অভিযোগ রয়েছে।‎

একইসাথে ঘাটে টাকা রাখার একটি বাক্স থেকে টাকা নিয়ে আশপাশে ছড়িয়ে দেন এবং অস্বাভাবিক আচরণ করতে থাকেন। একপর্যায়ে উপস্থিত জনতা তাকে আটকে রাখে। পরে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকা দেয়ার কথা বলেন সহকারী উপ-পরিদর্শক মান্নান।‎ ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে গালাগালি ও গান গাইতেও শোনা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, অস্বাভাবিক আচরণ করা ওই পুলিশ সদস্যের নাম আব্দুল মান্নান। তিনি এ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। স্ত্রীর সাথে দাম্পত্য কলহের থেকে মানসিক ভারসাম্য হারিয়ে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন।

প্রাথমিক তদন্তের বরাতে নারায়ণগঞ্জ নৌ পুলিশের (ওসি) রকিবুজ্জামান বলেন, ‘আব্দুল মান্নান থানার কোয়ার্টারে থাকতেন। তার স্ত্রী সিলেটের গ্রামের বাড়িতে থাকেন। গতরাতে মুঠোফোনে তাদের মধ্যে ঝগড়া হয়। ওই ঝগড়ার পরই তিনি এমন ঘটনা ঘটান।’

পুলিশ সদস্যের এমন আচরণে তাকে ‘মাদকাসক্ত’ হিসেবে ধারণা করছিলেন স্থানীয়রা। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে আশেপাশের লোকজন তাকে ‘মাদক সেবন করেছেন কিনা’ জানতে চাইলে ওই পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, তার স্ত্রী তাকে ‘জুতা’ দিয়ে মেরেছেন। এই কারণে তিনি এমন আচরণ করছেন।

নারায়ণগঞ্জ নৌ পুলিশ সুপার মো: আলমগীর হোসেন বলেন, ‘বর্তমানে সহকারী উপ-পরিদর্শক মান্নানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়া হবে।’