বগুড়ায় ভটভটি উল্টে নিহত ২

শনিবার বিকেলে সাতজন গরুর বেপারী জয়পুরহাট থেকে ভটভটিযোগে গরু নিয়ে নাটোরের সিংড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নন্দীগ্রাম উপজেলার থালতা ভগবানবাজার স্ট্যান্ডে পৌঁছালে ভটভটি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উল্টে যায়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Bogura
সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন
সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন |প্রতীকী ছবি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে আকতারুল ইসলাম (৪০) ও শফিকুল ইসলাম (৭০) নামে দু’জন নিহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার থালতা ভগবানবাজার স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকতারুল ইসলাম নাটোরের সিংড়া উপজেলার লিংগাইন নতুনপাড়া এলাকার মরহুম মোফাজ্জল হোসেনের ছেলে এবং শফিকুল ইসলাম বগুড়ার কাহালু উপজেলার পুরসর মধ্যপাড়া এলাকার মরহুম এজামউদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সাতজন গরুর বেপারী জয়পুরহাট থেকে ভটভটিযোগে গরু নিয়ে নাটোরের সিংড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নন্দীগ্রাম উপজেলার থালতা ভগবানবাজার স্ট্যান্ডে পৌঁছালে ভটভটি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উল্টে যায়। এ সময় সড়কে ভটভটির পাশে থাকা বাইসাইকেল চালক শফিকুল ইসলাম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাইসাইকেলটি ওই ভটভটির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই ভটভটিতে থাকা গরুর বেপারী আকতারুল ইসলাম ও বাইসাইকেল আরোহী শফিকুল ইসলাম মারা যান।

বিষয়টি নিশ্চিত করে কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দু’জনের লাশ উদ্ধার করেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতদের লাশ হস্তান্তর করা হয়েছে। বাসস