রাজধানীর মতিঝিল থানার গ্রীনল্যান্ড হোটেলে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে মোহাম্মদ ইমরান (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
ইমরান খুলনার খান জাহান আলী থানার ক্যান্টনমেন্ট এলাকার মরহুম জলিল মোড়লের ছেলে এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি।
ইমরানকে হাসপাতালে নিয়ে আসা হোটেল কর্মচারী মোহাম্মদ জাহিদ বলেন, ‘ইমরান গতকাল আমাদের হোটেলে উঠেছেন। তিনি আজ সকাল সাড়ে ৭টার দিকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি, নিহত ইমরান গতকাল গ্রিনল্যান্ড হোটেলে ওঠেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে সিঁড়ি দিয়ে নামার সময় মাথা ঘুরে পড়ে তার মৃত্যু হয়। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’



