ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) পদে প্রশাসনিক রদবদল আনা হয়েছে। হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা: মো: আতিকুর রহমান খানকে নিজ দায়িত্বের পাশাপাশি ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব পালন করতে নির্দেশ দেয়া হয়েছে। আগামী ১ আগস্ট থেকে এ আদেশ কার্যকর হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা: আর হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ডা: মো: আতিকুর রহমান খান বর্তমান দায়িত্বের পাশাপাশি আরএমও (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশ অনুযায়ী, বর্তমানে আরএমওর দায়িত্বে থাকা ডা: মো: রোকনুজ্জামানকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। একই সময়ের মধ্যে ডা: আতিকুর রহমান খানকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালের প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখা, চিকিৎসাসেবা ব্যবস্থাপনায় সমন্বয় নিশ্চিত করা এবং দায়িত্ব বণ্টনে শৃঙ্খলা আনতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল হলেও দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব বণ্টন ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রয়েছে। এমন প্রেক্ষাপটে আরএমও পদে নতুন দায়িত্ব অর্পণের মাধ্যমে হাসপাতালের দৈনন্দিন কার্যক্রম আরো গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।



