নিজ দলীয় কর্মীকে গুলি, ফেনীর বিএনপি নেতা ঢাকায় গ্রেফতার

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জাবেদ মাহমুদ জানান, গোপন সুত্রে খবর পেয়ে সকাল ৮টার দিকে আলমগীর সিদ্দিকীকে রাজধানীর শাহজাহানপুর হোটেল গ্র্যান্ড সার্কেল ইন থেকে গ্রেফতার করা হয়।

Location :

Feni
গ্রেফতার আলমগীর সিদ্দিকী
গ্রেফতার আলমগীর সিদ্দিকী |নয়া দিগন্ত

ফেনী অফিস ও ছাগলনাইয়া সংবাদদাতা
ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন বিএনপির সদস্য আলমগীর সিদ্দিকীকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শুক্রবার রাজধানী থেকে গ্রেফতার করেছে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জাবেদ মাহমুদ জানান, গোপন সুত্রে খবর পেয়ে সকাল ৮টার দিকে আলমগীর সিদ্দিকীকে রাজধানীর শাহজাহানপুর হোটেল গ্র্যান্ড সার্কেল ইন থেকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি এন্ড ক্রাইম) মু.সাইফুল ইসলাম জানান, টিপু নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে শুক্রবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে। রিয়াজ উদ্দিন মজুমদার টিপু স্থানীয় বিএনপি নেতা ও ছাত্রদলের সাবেক নেতা।

এছাড়াও আলমগীরের বিরুদ্ধে সম্প্রতি এক সাংবাদিককে মারধর করে ফেনী নদীতে ফেলে হত্যা চেষ্টা, সরকারি জব্দকৃত বালু লুটপাট, ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ বেশ কয়েকটি মামলা ও অসংখ্য অভিযোগ রয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ছাগলনাইয়া উপজেলার শুভপুরে ফেনী নদীর বালু মহালে জব্দকৃত সরকারি বালু বিক্রি, অবৈধ বালু উত্তোলন ও বালু ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৫ জুলাই রাতে ছাগলনাইয়া পৌরশহরের শহীদ মিনারের সামনে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় বিএনপি নেতা রিয়াজ উদ্দিন টিপুসহ কয়েকজন আহত হন। এ ঘটনায় আলমগীর সিদ্দিকীকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে হত্যা চেষ্টার মামলা করেন রিয়াজ উদ্দিন টিপু। অপরদিকে, আলমগীর সিদ্দিকীর সমর্থক মো. হানিফকে মারধরের অভিযোগে রিয়াজ উদ্দিন টিপুকে প্রধান আসামি করে ১৮ জনের নামে পাল্টা মামলা হয়।

ছাগলনাইয়া থানার ওসি মোহাম্মদ আবু তাহের জানান, আলমগীররে বিরুদ্ধে মামলাগুলো যাচাই বাছাই করা হচ্ছে। আদালতে তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

সাবেক ছাত্রনেতা রিয়াজ উদ্দিন মজুমদার টিপুর অভিযোগ, গত ২৪ জুলাই রাতে আলমগীর সিদ্দিকী ও তার সহযোগিরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যার চেষ্টা করে।

মোহনা টেলিভিশনের প্রতিনিধি নিজাম উদ্দিন মজুমদার সজিবের অভিযোগ, আলমগীর সিদ্দিকীর নির্দেশে তার হেলমেট সন্ত্রাসী বাহিনী সজিবকে মোবাইলে ফোন করে ডেকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে লাথি মেরে ফেনী নদীতে ফেলে দিয়ে হত্যার চেষ্টা চালায়।

ঘটনার সত্যতা স্বীকার করে ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ইসমাইল বলেন, উভয় ঘটনায় ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে ফেনী-১ আসনের এমপি মুন্সী রফিকুল আলম মজনু বলেন, যারাই সন্ত্রাসের মাধ্যমে জনগণের জানমাল ও শান্তিপূর্ণ জীবনের জন্য হুমকি হবে তাদের বিরুদ্ধে প্রশাসন আইনানুয়ায়ী ব্যবস্থা নেবে, এক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না।