মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়া উপজেলার ঐতিহাসিক অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী। তার আয়োজনে অনুষ্ঠিত লাখ টাকার রচনা প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে বর্ণাঢ্য আয়োজনে।
বুধবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে কাপাসিয়া মডিউল কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) আক্তারুজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আয়োজক ও প্রধান পৃষ্ঠপোষক অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী এমপি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের আত্মত্যাগ জাতির সামনে যথাযথভাবে তুলে ধরার লক্ষেই এ আয়োজন করা হয়েছে।’
তিনি জানান, প্রতিযোগিতায় পাঁচ শতাধিক রচনা জমা পড়ে এবং পাঁচ সদস্যবিশিষ্ট বিচারক ও নিরীক্ষক মণ্ডলীর মাধ্যমে সেগুলো মূল্যায়ন করে বিজয়ীদের নির্বাচন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও গাজীপুর জেলা নায়েবে আমির মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, টোক শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজউদ্দীন, সাংবাদিক ও গবেষক অধ্যাপক শামসুল হুদা লিটন, কামড়া মাশক ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদ মোল্লা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম আব্দুল্লাহ।
প্রতিযোগিতায় মোট ২৮ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এর মধ্যে প্রথম স্থান অধিকারকারীকে ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ১০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ৮ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া বাকি ২৫ জন বিজয়ীকে ২ হাজার টাকা করে নগদ অর্থ ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী এমপি আরো জানান, প্রতিযোগিতায় প্রাপ্ত নির্বাচিত রচনাগুলো নিয়ে আগামী ১৬ ডিসেম্বর একটি স্মারক গ্রন্থ প্রকাশ করা হবে, যা মুক্তিযুদ্ধে কাপাসিয়ার অবদানকে প্রামাণ্য দলিল হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরবে।
অনুষ্ঠানে বক্তারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও শিক্ষণীয় উল্লেখ করে বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



