ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে।
এদিকে একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরো ২৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ শিশু। বর্তমানে হাসপাতালের শিশু ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১০০ শিশু।
রোববার (২৮ জুন) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো: মাইনউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মৃত্যু হওয়া শিশুটির বয়স সাত মাস। তার বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায়। হামের পাশাপাশি শিশুটি নিউমোনিয়ায়ও আক্রান্ত ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত শিশুদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রয়েছে। একই সাথে অভিভাবকদের শিশুদের হামের টিকা নিশ্চিত করা এবং জ্বর, র্যাশ বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।



