বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো: জিয়াউল হক বলেছেন, ‘ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ, নির্বাচনী উপকরণ সুরক্ষা এবং যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে। উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম এলাকায় একমাত্র স্ট্যাটিক ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কোস্ট গার্ড দায়িত্ব পালন করছে।’
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর ইউনিয়নের আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মো: জিয়াউল হক জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের দায়িত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল, অভ্যন্তরীণ নৌপথ এবং নদী পরিবেষ্টিত দুর্গম এলাকাগুলোতে মোতায়েন রয়েছে।
তিনি বলেন, ‘বাংলাদেশ কোস্ট গার্ড দীর্ঘদিন ধরে দেশের উপকূলীয় অঞ্চল, অভ্যন্তরীণ নৌপথ ও নদী পরিবেষ্টিত দুর্গম এলাকাগুলোতে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। বিশেষ করে নদীমাতৃক জেলা চাঁদপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ড একটি নির্ভরযোগ্য বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে।’
তিনি আরো বলেন, ‘নির্বাচন উপলক্ষে গত ১৮ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী বাংলাদেশ কোস্ট গার্ডের প্রায় তিন হাজার ৫৮৫ সদস্যের ১০০টি প্লাটুন উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম এলাকাগুলোতে মোতায়েন রয়েছে।’
ইতোমধ্যে এসব প্লাটুন স্থলভাগ ও জলভাগে বিভক্ত হয়ে নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালীসহ নদীবেষ্টিত ভোলা জেলার দুর্গম প্রত্যন্ত অঞ্চলগুলোর ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছে।
মো: জিয়াউল হক বলেন, ‘ঢাকা জোনের আওতাধীন নারায়ণগঞ্জ, মতলব (উত্তর), চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকার মোট ৩৯টি ভোটকেন্দ্রে কোস্ট গার্ড সদস্যরা নিয়মিত নৌপথে টহল, বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন পর্যবেক্ষণ এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে যৌথ টহল কার্যক্রম পরিচালনা করছেন।’
একইসাথে অস্ত্র উদ্ধার অভিযান ও দুষ্কৃতিকারী আটকের মাধ্যমে একটি উৎসবমুখর ও নিরাপদ ভোটবান্ধব পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
সবশেষে তিনি বলেন, ‘অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে উপকূলবাসীর নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড তার পেশাদারিত্বের সর্বোচ্চ প্রয়োগ অব্যাহত রাখবে।’
এর আগে, সকাল ১০টায় মতলব উত্তরের মোহনপুর ইউনিয়নের ৫৮ নম্বর বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় ভোটারদের সাথে মতবিনিময় করেন কোস্ট গার্ডের মহাপরিচালক। মতবিনিময়কালে তিনি ভোটাধিকার প্রয়োগে ভোটারদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান এবং নির্বাচনকালীন নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের দায়িত্ব ও প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর নৌ পুলিশের এসপি সৈয়দ মুশফিকুর রহমান ও মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।



