বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘মাতৃভাষার গুরুত্ব বুঝতে পারার মাধ্যমে দেশীয় জাতীয়তাবাদ শক্তিশালী করা গেলে দেশের উন্নয়ন করা সম্ভব। বাংলাদেশ যখনই ক্রান্তিকাল অতিক্রম করেছে তখনই বাহান্নর চেতনা জাগ্রত হয়েছে, বাহান্নর চেতনায় মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে, বাহান্নর চেতনায় চব্বিশের ৫ আগস্ট সংঘটিত হয়েছে, বাহান্নর চেতনায় জনগণ আবার ভোটের অধিকার ফিরে পেয়েছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করেছে। ভাষার গুরুত্ব বুঝতে না পারলে দেশপ্রেম জাগ্রত হয় না, দেশ উন্নত হয় না।’
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরামে ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর নিবন্ধ উপস্থাপন করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ভাষাবিজ্ঞানী প্রফেসর করুণা রানী সাহা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম শানতু (বিপিএম বার), স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কামরুল ইসলাম, সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, ‘মাতৃভাষা দিবসে মাতৃভাষার কদর বুঝতে হবে। ভাষার উৎকর্ষতা সাধনের মাধ্যমে দেশপ্রেম বাড়াতে হবে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটাতে হবে।’
তিনি বলেন, “বিদেশী বহু ভাষার বহু শব্দ বাংলা ভাষাকে সমৃদ্ধ করলেও বর্তমান জেন-জিদের পক্ষ থেকে উচ্চারিত ‘ইনকিলাব’ শব্দ খুঁজে পাওয়া যায় না।”
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বর্তমানে জেন-জিদের ফিরে আসতে হবে মাতৃভাষার দিকে। দেশের উন্নয়নের দিকে। ইনকিলাব জিন্দাবাদ চলবে না।’
মন্ত্রী আরো বলেন, ‘সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ে শিল্পপার্ক করা হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল এলাকা গড়ে তোলা হয়েছে। কিন্তু প্রতিষ্ঠিতব্য শিল্পকারখানার বর্জ্য শোধনের জন্য সেন্ট্রাল ইটিপি গড়ে তোলা হয়নি। শিল্প এলাকায় সরকারের পক্ষ থেকে সেন্ট্রাল ইটিপি গড়ে তুলতে না পারলে আমাদের যমুনা দূষিত হবে, কৃষি ক্ষতিগ্রস্ত হবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে।’
যমুনার পানি দূষিত হয় এমন শিল্পকারখানা গড়ে তোলা যাবে না উল্লেখ করে পরিবেশের প্রতি নজর দেয়ার জন্য প্রশাসনের প্রতি তিনি আহ্বান জানান।
আলোচনা শেষে সাংস্কৃতি বিষয়ে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।



