বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

উপজেলার কাজিপাড়ানামক স্থানে পৌঁছিলে অন্য একটি ভটভটিকে ওভারটেক করার সময় নওগাঁগামী মালবোঝাই ট্রাকের সাথে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা |ফাইল ছবি

বগুড়ায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার কাজিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে লুৎফর রহমানের (৫০) নামের এক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তিনি ময়মনসিংহের সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে। তিনি একজন মাছ ব্যবসায়ী।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে একটি পিকআপ নওগাঁয় মাছ বিক্রি করে ফিরছিল। সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার কাজিপাড়ানামক স্থানে পৌঁছালে অন্য একটি ভটভটিকে ওভারটেক করার সময় নওগাঁগামী মালবোঝাই ট্রাকের সাথে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপের চালক, হেলপার ও দু’জন মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান।

খবর পেয়ে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা চারজনের লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ সরিয়ে নেয়। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, নিহত লুৎফর রহমানের পরিবারের কাছে সংবাদ পাঠানো হয়েছে এবং অপর তিনজনের পরিচয় জানার চেষ্টা চলছে।