গজারিয়ায় জয় হত্যা, প্রধান আসামি বেকু গ্রেফতার

সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নানাখী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
গ্রেফতার বেকু হাসান
গ্রেফতার বেকু হাসান |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব বিরোধের জেরে যুবক জহিরুল ইসলাম জয়কে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি বেকু হাসানকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-১১।

শনিবার (২৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নানাখী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদারের মাধ্যমে আলোচিত এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় বেকুকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে ২৬ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নুর জামান মিয়ার পরিবারের সাথে বেকু হাসান ও তার সহযোগীদের বিরোধ চলছিল। এর জেরে ঘটনার দিন বেকু হাসানের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল জয়ের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা জয়কে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বোন বাদি হয়ে গজারিয়া থানায় হত্যা মামলা করেন।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।