তাহিরপুর সীমান্তে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু

ভারতের কয়লার গুহা থেকে কয়লা আনতে গিয়ে গুহার মাটিচাপায় ইউনুস আলী (২২) নামের এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
তাহিরপুর সীমান্তে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু
তাহিরপুর সীমান্তে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু |নয়া দিগন্ত

ভারতের কয়লার গুহা থেকে কয়লা আনতে গিয়ে গুহার মাটিচাপায় ইউনুস আলী (২২) নামের এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও সীমান্ত ফাঁড়ির লালঘাট-বাঁশতলা সীমান্ত এলাকার ওপারে ভারতের গারো পাহাড়ের চোরাই কয়লার গুহায় ঘটনাটি ঘটেছে।

মৃত্যু ইউনুস আলী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লালঘাট গ্রামের সমির উদ্দিনের ছেলে। এর পূর্বে চারাগাঁও সীমান্ত দিয়ে সুড়ঙ্গ পথে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বুধবার ভোরে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ১০-১৫ জনের একটি কয়লা শ্রমিকের দল সুড়ঙ্গ পথ দিয়ে চোরাই কয়লা আনতে ভারতের কয়লা গুহায় যায়। পরে কয়লার বস্তা নিয়ে গুহার ভিতর থেকে বেরিয়ে আসার পথে উপর থেকে মাটি ধসে ইউনুস আলীর উপরে পড়লে সে মাটির নিচে চাপা পড়ে। পরে তার সাথে থাকা অন্য শ্রমিকরা গুহা থেকে বেরিয়ে এসে ইউনুস আলীর বাড়িতে খবর দিলে এলাকাবাসীর সহযোগিতায় পরিবারের লোকজন দুপুর ১টার দিকে ইউনুস আলীর লাশ গুহার ভেতর থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে আছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন, ‘মৃত ব্যক্তির সাথে থাকা অন্যান্য বাংলাদেশী নাগরিকদের বিস্তারিত নাম ও ঠিকানা সংগ্রহপূর্বক তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ করার দায়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ওই এলাকায় গোয়েন্দা নজরদারিসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।’