মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় খেলোয়াড়সহ ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে শ্রীনগর স্টেডিয়ামে উপজেলা বিএনপি আয়োজিত টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচে এ ঘটনা ঘটে। ম্যাচটি ছিল শ্যামসিদ্ধি ইউনিয়নের দল ‘শ্যামসিদ্ধি রয়েলস’ ও কুকুটিয়া ইউনিয়নের দল ‘কুকুটিয়া ওয়ারিয়র্স’-এর মধ্যে।
প্রত্যক্ষদর্শী ও আয়োজক কমিটির সূত্রে জানা যায়, খেলার শেষার্ধে শ্যামসিদ্ধি রয়েলসের এক খেলোয়াড় কুকুটিয়া ওয়ারিয়র্সের খেলোয়াড় মঈনুলের জার্সি টেনে ধরাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, এ সময় শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক ইয়ামিনের নেতৃত্বে প্রায় এক থেকে দেড় শতাধিক ব্যক্তি মাঠে নেমে কুকুটিয়া ওয়ারিয়র্সের খেলোয়াড়দের ওপর হামলা চালায়। এতে কুকুটিয়া ওয়ারিয়র্সের অন্তত পাঁচজন খেলোয়াড়সহ মোট ১০ জন গুরুতর আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন—সুরদিয়া এলাকার আ: কাদেরের ছেলে মঈনুল, পূর্ব মুন্সীয়া এলাকার বশিরের ছেলে রায়হান, কালামের ছেলে রিসান, মোফাজ্জলের ছেলে অভি খান এবং নাগরভাগ এলাকার রিপন শেখের ছেলে সমিতসহ আরও কয়েকজন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পরপরই পুলিশ, আনসার সদস্য এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর আলম দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
তবে এ বিষয়ে টুর্নামেন্টের আয়োজক কমিটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে মারামারি হয়েছে। আমরা যেতে যেতেই সেখানে মারামারি শেষ হয়ে যায়। মারামারির স্থায়িত্ব ছিল ৩০ থেকে ৪০ সেকেন্ড, এর মধ্যে দুই পক্ষের কয়েকজন আহত হয়। পরবর্তীতে আমি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়ে ঢাকায় চলে এসেছি।’
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ‘খেলায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এ ঘটনায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’



