গ্রামবাসীকে সাথে নিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চকপাড়া সীমান্তে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে ব্যর্থ হয়। পরে বিএসএফ তাদের আবার ভারতের ভেতরে ফিরিয়ে নেয়।

নয়া দিগন্ত অনলাইন
শিবগঞ্জের গ্রামবাসীকে সাথে নিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
শিবগঞ্জের গ্রামবাসীকে সাথে নিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি |সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ ওই ১২ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

শনিবার (৪ জুলাই) সকালে বিজিবির মহানন্দা ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে চকপাড়া সীমান্তের ১৮৩/৩-এস নম্বর সীমান্ত পিলার-সংলগ্ন এলাকায় ভারতের বিএসএফের ১১৯ ব্যাটালিয়নের মল্লিক-সুলতানপুর ক্যাম্পের সদস্যরা সীমান্তের ফ্লাডলাইট (বর্ডার সিকিউরিটি লাইট) বন্ধ করে দেয়। এরপর ১২ জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর প্রস্তুতি নেয় তারা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিজিবির টহল দল। এ সময় সীমান্ত পাহারায় বিজিবির সাথে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন স্থানীয় গ্রামবাসীরাও। পুশইনের জন্য আনা ১২ জন সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের ৬০০ গজ অভ্যন্তরে মুসলিমপাড়া এলাকায় অবস্থান করছিল। তবে বিজিবির কড়া অবস্থান এবং গ্রামবাসীর উপস্থিতির কারণে তাদের বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি বিএসএফ।

একপর্যায়ে আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফ ওই ১২ জনকে ভারতের মালদা হোল্ডিং সেন্টারে ফিরিয়ে নিয়ে যায়।

লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সূত্র : ইউএনবি