ঈশ্বরদীতে ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ঈশ্বরদী উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ মৌসুমে বিনামূল্যে ৩৫০ জন কৃষককে রোপা-আউশ বীজ, ২৫০ জনকে তিল বীজ, ২৫০ জনকে মুগ বীজ ও ১০০ জনকে পাট বীজ দেয়া হয়।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

Location :

Ishwardi
ছবি : নয়া দিগন্ত

ঈশ্বরদীতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও মৌসুমি বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল ) ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসের সামনে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান শোয়াইব।

প্রধান অতিথি মোহাম্মদ হাসান শোয়াইব বলেন, ‘সরকারের পক্ষ থেকে ২০২৫/২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আপনারা এই বীজ এবং সার দিয়ে মাঠে ফসল উৎপাদন করবেন। কেউ যেন বিনামূল্যে পাওয়া সার এবং বীজ বিক্রি না করেন সেদিকে খেয়াল রাখতে হবে।’

তিনি আরো বলেন, ‘কৃষকরা রোদ বৃষ্টিতে ভিজে ফসল ফলায় বলেই আমরা খেতে পাই। তা না হলে বিদেশ থেকে আমদানি করতে হতো। এ দেশে এখন আধুনিক কৃষি ব্যবস্থা চালু হয়েছে। রবি শস্য, দেশী শাক-সবজি ও ফলমূলের পাশাপাশি বিদেশী নানা ধরনের শাক-সবজি ও ফলমূল তারা উৎপাদন করছেন। এ দেশের কৃষকদের তুচ্ছ-তাচ্ছিল্য না করে তাদের প্রাপ্য সম্মান দিতে হবে। একইসাথে আগামীতে যেন প্রকৃত কৃষকদের যাচাই-বাছাই করে প্রণোদনা দেয়া হয়।’

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রহল্লাদ কুমার কুন্ডু, উপ-সহকারী কর্মকর্তা জাহিদ হাসান হিরোক ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এখলাছুর রহমান।

ঈশ্বরদী উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ মৌসুমে বিনামূল্যে ৩৫০ জন কৃষককে রোপা-আউশ বীজ, ২৫০ জনকে তিল বীজ, ২৫০ জনকে মুগ বীজ ও ১০০ জনকে পাট বীজ দেয়া হয়।

ঈশ্বরদী কৃষি বিভাগ এ বছর চার হাজার ৩৩ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে দুই হাজার ৭৫০ হেক্টর জমিতে বোরো ধান, ৩৬৫ হেক্টর জমিতে পাট, ৫০৩ হেক্টর জমিতে মুগডাল ও ৪০০ হেক্টর জমিতে তিল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।