বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীতে বড়পাথর এলাকায় নৌকা উল্টে নিখোঁজ পর্যটক মো: জাওয়াদুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে তিন্দু বড়পাথরের কাছে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে বিজিবিকে জানায়। পরে বিজিবি ও স্থানীয়রা মিলে লাশ উদ্ধার করে।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল জানিয়েছেন, ১২ জনের একটি পর্যটক দল গত ২৪ জুলাই আলীকদম হয়ে তিন্দু বাজারে আসেন। তারা দু’টি নৌকায় বড়পাথর এলাকায় যাওয়ার সময় একটি নৌকা প্রবল স্রোতে উল্টে যায়। এ সময় জাওয়াদ নিখোঁজ হন। তাকে উদ্ধারে অনেক তৎপরতা চালানো হয়েছে। রোববার সকালে নদীতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা প্রশাসন ও বিজিবিকে জানায়।
পর্যটক দলটি চেকপোস্ট এড়িয়ে নিয়ম বহির্ভূতভাবে ওই এলাকায় যায় বলেও তিনি জানান।
তিনি আরো বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আগামী ৩০ জুলাই পর্যন্ত তিন্দু এলাকায় সব ধরনের নৌ চলাচল বন্ধ করা হয়েছে।



