সুন্দরবনের পূর্ব বন বিভাগের কচিখালী ডিমের চরে মালা ফাঁদসহ ছগির খান (৪০) নামের এক হরিণ শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় বিপুল পরিমাণ হরিণ ধরার ফাঁদ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবন পূর্ব বন বিভাগের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা শনিবার (৪ এপ্রিল) সকালে নিয়মিত টহলকালে কচিখালীর ডিমের চরে বনের মধ্যে মালা ফাঁদ পাতা দেখতে পান। পরে তল্লাশি চালিয়ে বনরক্ষীরা এক শিকারিকে হাতেনাতে আটক করেন। এসময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে আরো ৫ শিকারী পালিয়ে যায়।
আটক ছগির পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের মৃত রুস্তম আলী খানের ছেলে । তার কাছ থেকে ৪ হাজার ফুট মালা ফাঁদ, মাংস পরিমাপের দাঁড়িপাল্লা, ২ কেজি সাদা পলিথিন, প্লাস্টিক বস্তা, চাল-ডালসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, আটক শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বাগেরহাট আদালতে পাঠানো হবে।



