দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এবং জার্মানির ইউনিভার্সিটি অব দুসেলদর্ফ এর মধ্যে শিক্ষা ও গবেষণা খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding - MoU) স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে ভিসি সচিবালয়ে ওই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
হাবিপ্রবির পক্ষে এতে স্বাক্ষর করেন ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো: এনামউল্যা এবং ইউনিভার্সিটি অব দুসেলদর্ফ এর পক্ষে স্বাক্ষর করেন ওই বিশ্ববিদ্যালয়ের রেকটোরিন প্রফেসর ড. ক্রিস্টোফ জানিয়াক।
এ সময় উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম: জাহাঙ্গীর কবির, সমঝোতা স্মারক স্বাক্ষর সংক্রান্ত কাজের দায়িত্বপ্রাপ্ত ও কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক ও প্রফেসর ড. মো: মহিদুল হাসান।
ওই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে অ্যাকাডেমিক ও গবেষণামূলক কার্যক্রমে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। উভয় প্রতিষ্ঠান ভবিষ্যতে যৌথ উদ্যোগে বিভিন্ন শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে।
সমঝোতা অনুযায়ী, সহযোগিতার প্রধান ক্ষেত্রগুলো হলো শিক্ষা ও পাঠদান কার্যক্রমের উন্নয়ন এবং যৌথ ডিগ্রি প্রোগ্রাম চালুর সম্ভাবনা, নির্দিষ্ট সময়ের জন্য শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, শিক্ষক ও গবেষক বিনিময়, গবেষণা উপকরণ ও তথ্য বিনিময়, যৌথ গবেষণা প্রকল্প বাস্তবায়নে সমন্বয় সাধন ইত্যাদি।



