শিশু নন্দিনী হত্যার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে : ত্রাণমন্ত্রী

‘ইতোমধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া একজন আসামি হত্যার দায় স্বীকার করেছেন। প্রয়োজনীয় ফরেনসিক ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে দ্রুত চার্জশিট দাখিল করা হবে।’

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট

Location :

Lalmonirhat
হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ শেষে কথা বলছেন ত্রাণমন্ত্রী
হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ শেষে কথা বলছেন ত্রাণমন্ত্রী |নয়া দিগন্ত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘শিশু নন্দিনী হত্যা মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে অল্প সময়ের মধ্যে চার্জশিট দাখিল করা হবে। পাশাপাশি দ্রুত বিচার কার্যক্রম শেষ করার উদ্যোগ নেয়া হবে।’

তিনি বলেন, ‘এটি একটি নির্মম ও নৃশংস হত্যাকাণ্ড। এ ঘটনায় নিন্দা ও দুঃখ প্রকাশের ভাষা নেই। যারা এতটুকু একটি শিশুকে হত্যা করতে পারে, তারা মানুষ নয়, নরপিশাচ। তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।’

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামে নিহত শিশু নন্দিনীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ত্রাণমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন নন্দিনীর পরিবারের পাশে দাঁড়াতে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করতে। প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা জেলার তিনজন সংসদ সদস্য জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে এখানে এসেছি।’

তিনি আরো বলেন, ‘ইতোমধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া একজন আসামি হত্যার দায় স্বীকার করেছেন। প্রয়োজনীয় ফরেনসিক ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে দ্রুত চার্জশিট দাখিল করা হবে।’

মন্ত্রী বলেন, ‘আসামি গ্রেফতারের পর প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শান্তিপূর্ণভাবে ফিরছিলেন। কিন্তু তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। কারা উসকানি দিয়েছে, কার প্ররোচনায় প্রশাসনের ওপর হামলা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। আইন নিজের হাতে তুলে নেয়ার কোনো সুযোগ নেই। যারা প্রশাসনের ওপর হামলা ও মব সৃষ্টির সাথে জড়িত, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে, মঙ্গলবার (১৬ জুন) সকালে নিজ বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে সাত বছর বয়সী শিশু নন্দিনীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া বিধান চন্দ্র হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

নন্দিনীর বাড়িতে গিয়ে ত্রাণমন্ত্রী পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, তাদের প্রতি সমবেদনা জানান এবং হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জেলা প্রশাসক (ডিসি) রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকসহ অন্য কর্মকর্তারা।