কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের ইউনিয়ন ও থানা পর্যায়ের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা মহিলা বিভাগের উদ্যোগে আজ শুক্রবার (৩১ জুলাই) সকালে কুষ্টিয়া শহরের ঐতিহ্যবাহী হাজী শরীয়তুল্লাহ এতিমখানার আব্দুল ওয়াহিদ মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে কুষ্টিয়া জেলার সব ইউনিয়ন ও থানা পর্যায়ের দায়িত্বশীলাবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের তদারককারী মারজিয়া বেগম (এমপি)।
তিনি তার বক্তব্যে জাতীয় সঙ্কট উত্তরণে ও সমাজ গঠনে নারীদের দূরদর্শী ভূমিকার কথা তুলে ধরে বলেন, ‘স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি গণআন্দোলনে নারীদের সক্রিয় ভূমিকা ছিল। দেশের যেকোনো ঐতিহাসিক রূপান্তরে নারীদের অবদান অনস্বীকার্য। একটি ইনসাফভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনে নারীদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণের তদারককারী শামীমা বেগম।
তিনি তার বক্তব্যে সংগঠনের দায়িত্বশীলাদের সামাজিক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এছাড়া সামাজিক মূল্যবোধ সংরক্ষণ এবং তরুণ প্রজন্মকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তোলার ক্ষেত্রে মা ও নারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা মহিলা বিভাগের সেক্রেটারি মমতাজ জাহানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মাসুমা পারভীন ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ফিরোজা ইয়াসমিন বিউটি।
সমাবেশে অঞ্চল ও জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন।



