কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অফিসের যৌথ উদ্যোগে ৬৫০ টাকা কেজি দরে গরুর গোশত বিক্রি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
এ উপলক্ষে রোববার (৮ মার্চ) উপজেলার ফলপট্টি এলাকায় ওই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা।
ফলে স্বল্পমূল্যে গরুর গোশত কিনতে বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ভিড় করেন গোশতের দোকানে। ৬৫০ টাকায় গরুর গোশত পাওয়ায় সাধারণ মানুষও সন্তোষ প্রকাশ করেন।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে ক্রেতা আল আমিন বলেন, বাজারে গরুর গোশতের দাম ৭৫০-৮০০ টাকা। স্থানীয় প্রশাসনের এমন মহতি উদ্যোগে রমজান মাসে আমরা কম দামে গোশত কিনতে পেরে খুবই খুশি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: উজ্জ্বল হোসাইন জানান, প্রতিদিন ১০০ কেজি করে গরুর গোশত বিক্রি করা হবে। সোমবারও হাসপাতাল মোড়ে ৬৫০ টাকা কেজি দরে গোশত বিক্রি করা হবে। পাশাপাশি ন্যায্যমূল্যে ডিম ও দুধ বিক্রি করা হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান, রমজান মাসজুড়ে এ কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে। এতে সাধারণ মানুষ যেমন ন্যায্যমূল্যে গরুর গোশত কিনতে পারবেন, তেমনি বাজারে মূল্য স্থিতিশীল রাখতে এ কার্যক্রম সহায়ক ভূমিকা পালন করবে।



