দিনাজপুর প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুরে সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন।
শহরের দুটি নির্ধারিত স্থান থেকে সুলভ মূল্যের এই বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। পুরো রমজান মাসজুড়ে কার্যক্রমটি চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং নিম্নআয়ের মানুষের স্বস্তি নিশ্চিত করতে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা প্রশাসন এ বিশেষ উদ্যোগ নিয়েছে। কর্মসূচির আওতায় প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, পাকিস্তানি মুরগি ২৭৫ টাকা এবং প্রতি পিস ডিম ৮ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ক্রেতাদের দীর্ঘ লাইন। নারী-পুরুষ নির্বিশেষে অনেকে লাইনে দাঁড়িয়ে নির্ধারিত দামে পণ্য সংগ্রহ করছেন। স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে ক্রেতারা সন্তোষ প্রকাশ করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজানজুড়ে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।



