চট্টগ্রামের হাটহাজারীতে গভীর রাতে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের উত্তর হাটহাজারী থানার সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ূবীকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাবের যৌথ দল।
শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গুমানমর্দন ইউনিয়নের সাদেকনগর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হঠাৎ করে বাড়িটিতে অভিযান চালায়। পরিবারের সদস্যদের দাবি, এ সময় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সালাউদ্দিন আইয়ূবীকে গ্রেফতার করা হয়। আকস্মিক এ অভিযানে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সালাউদ্দিন আইয়ূবীর ছোট ভাই জহির উদ্দিন বাবর বলেন, ‘আমার বড় ভাই প্রবাসে থাকেন। প্রতি বছর রমজানে তিনি দেশে আসেন, এবারো রোজার আগে দেশে এসেছেন। ২০১৩ সালের একটি রাজনৈতিক মিথ্যা মামলায় আমার ভাইকে গ্রেফতার করা হয়েছে।’
স্থানীয় কয়েকজন প্রতিবেশী বাসিন্দা জানান, যাকে এভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে সে এমন ভালো মানুষ খবর দিলে নিজেই থানায় চলে যেত। সম্পূর্ণ ভিত্তিহীন মামলায় গভীর রাতে এভাবে অভিযান চালানো, এলাকায় উত্তেজনা সৃষ্টি করা সামাজিক-মানবিক দৃষ্টিকোণ থেকে দুঃখজনক।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ‘৮১/১৭ ও ৭৩/১৮ (১০-১২-১৩) নম্বর মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।’
হাটহাজারী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী বলেন, ‘সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন আইয়ূবী শান্ত ও ভদ্র একজন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা। তাকে ২০১৩-১৪ সালের রাজনৈতিক হয়রানি মামলায় গ্রেফতার করা খুবই দুঃখজনক। বর্তমানে অনেক মামলা প্রত্যাহার করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশ প্রশাসনের অতি উৎসাহী হয়ে এভাবে অভিযান ও গ্রেফতার করা খুবই দুঃখজনক। এজন্য তীব্র নিন্দা জানাচ্ছি।’



