মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে স্কুল, কলেজ ও মাদরাসায় গাছের চারা বিতরণ

শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)

Location :

Muradnagar
শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ
শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ |নয়া দিগন্ত

সরকার ঘোষিত পাঁচ বছর মেয়াদী দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন ও কুমিল্লার মুরাদনগরকে সবুজায়ন করা লক্ষ্যে উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদরাসায় ১০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুর ৩টা থেকে বিকেল পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে গাছের চারাগুলো তুলে দেয়া হয়।

উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সামাজিক বন বিভাগের হেডকোয়ার্টার রেঞ্জ কর্মকর্তা মো: নাজমুল হাসান মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পাভেল হাসান পাপ্পু, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগণ।

এ সময় উপস্থিত কর্মকর্তা ও ব্যক্তিবর্গ পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্ব দেন।

তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

উপজেলা প্রশাসন জানায়, বিদ্যালয়গুলোতে চারা রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণে শিক্ষকদের সম্পৃক্ত করা হবে।