ঝালকাঠির রাজাপুর উপজেলায় কৃষি পুনর্বাসন সহায়তা খাতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি। তিনি কৃষকদের মাঝে গাছের চারা, বীজ ও সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
রাজাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোসা: শাহিদা শারমিন আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের মনোনীত প্রতিনিধি ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু এবং রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহিদুল ইসলাম।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসেন শাহারিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো: মাসুম বিল্লাহ পারভেজ, সদস্য সচিব সৈয়দ নাজমুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আব্দুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মো: শামীম রেজা সজীব, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেরুন্নেছা পাপড়িসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের বিভিন্ন প্রণোদনা কর্মসূচির আওতায় মোট কয়েক হাজার কৃষককে বিনামূল্যে কৃষি উপকরণ দেয়া হবে।
এর মধ্যে খরিপ-২ মৌসুমে ১ হাজার ৩৮৫ কৃষক ও প্রতিষ্ঠানের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হবে। এছাড়া ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাবেন উফশী আমন ধানের বীজ ও সার। ৬৫০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও সার বিতরণ করা হবে। পাশাপাশি লেবুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮০ জন কৃষকের মাঝে লেবুর চারা ও সার সহায়তা দেয়া হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



