বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের বোয়ালমারীরে ঘাস কাটতে গিয়ে পুকুরপাড়ে থাকা অরক্ষিত বিদ্যুৎ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন বিশ্বাস (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মামুন বিশ্বাস রাজাপুর গ্রামের লাকু বিশ্বাসের ছেলে।
জানা যায়, রাজাপুর গ্রামের জাহিদুল শিকদারের একটি পুকুর স্থানীয় মাছ ব্যবসায়ী ফেলুর কাছে লিজ দেয়া ছিল। অভিযোগ রয়েছে, পুকুর পাহারা ও রাতে আলোর ব্যবস্থা করতে পুকুরের চারপাশে বাঁশের খুঁটির সাথে জিআই তার ব্যবহার করে সরাসরি বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছিল।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন মামুন বিশ্বাস। একপর্যায়ে তিনি পুকুরপাড়ে গেলে মাটিতে পড়ে থাকা বিদ্যুতায়িত জিআই তার মামুনের পায়ে পেঁচিয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুকুরের মালিক জাহিদুল শিকদার বলেন, ‘পুকুরটি লিজ দেয়া ছিল। আমরা বাড়িতে নিয়মিত থাকি না। লিজ গ্রহীতারা কিভাবে বিদ্যুতের সংযোগ দিয়েছে, তা আমাদের জানা ছিল না। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’
অভিযোগের বিষয়ে লিজ গ্রহীতা ফেলু মোবাইল ফোনে বলেন, ‘রাতে আলো জ্বালানোর জন্য বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছিল। সকালে সাধারণত সংযোগ খুলে ফেলা হয়। হয়তো আজ অসাবধানতাবশত সেটি খোলা হয়নি। এছাড়া এলাকার ছেলেরা বাঁশে ঝাঁকাঝাঁকি করায় সংযোগ ঢিলা হয়ে থাকতে পারে। বিষয়টি অনাকাঙ্ক্ষিত।’
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’



