ইরান সফরকালে দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট সমাজসেবক, ইসলামি নেতা এবং ঐতিহ্যবাহী রাজপরিবারের সদস্য আমির কুলুঙ্গিলে রহিম এনকুমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদউদ্দিন আহমাদ হানজালা।
আমির এনকুমানে দক্ষিণ আফ্রিকার মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি সাউথ আফ্রিকান মুসলিম কাউন্সিলের (SAMC) জাতীয় চেয়ারম্যান ও সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এ ছাড়া তিনি জুলু জাতির কোয়া-এনকুমানে রাজপরিবারের একজন রাজপুত্র হিসেবেও পরিচিত।
সাক্ষাৎকালে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা করেন। এ সময় মুসলিম বিশ্বের সমসাময়িক পরিস্থিতি, আন্তর্জাতিক সহযোগিতা, শিক্ষা ও মানবকল্যাণমূলক উদ্যোগ এবং দুই দেশের জনগণের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারের বিষয়েও মতবিনিময় হয়।
সফর শেষে সংসদ সদস্য পীরজাদা হানজালা জানান, তার আমন্ত্রণে আগামী ডিসেম্বর মাসে আমির কুলুঙ্গিলে রহিম এনকুমানে বাংলাদেশ সফরে আসবেন, ইনশাআল্লাহ।
তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে।
উল্লেখ্য, পীরজাদা হানজালা ১১-দলীয় ঐক্য সমর্থিত রিকশা প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।



