দিনাজপুর-৬ আসনে জামায়াত প্রার্থীর ২৬ দফা প্রতিশ্রুতি ঘোষণা

সংবাদ সম্মেলনে আনোয়ারুল ইসলাম বলেন, দিনাজপুর-৬ আসনের অন্তর্ভুক্ত বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এসব প্রতিশ্রুতি প্রণয়ন করা হয়েছে।

Location :

Birampur
দিনাজপুর-৬ আসনে ২৬ দফা প্রতিশ্রুতি ঘোষণা করেছেন জামায়াত প্রার্থী মো: আনোয়ারুল ইসলাম
দিনাজপুর-৬ আসনে ২৬ দফা প্রতিশ্রুতি ঘোষণা করেছেন জামায়াত প্রার্থী মো: আনোয়ারুল ইসলাম |ছবি : নয়া দিগন্ত

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুর-৬ সংসদীয় আসনের জনগণের উদ্দেশে ২৬ দফা উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রতিশ্রুতি ঘোষণা করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী মো: আনোয়ারুল ইসলাম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এসব প্রতিশ্রুতি তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ড. এনামুল হকসহ ১১ দলীয় জোটের দিনাজপুর-৬ আসনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

সংবাদ সম্মেলনে আনোয়ারুল ইসলাম বলেন, দিনাজপুর-৬ আসনের অন্তর্ভুক্ত বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এসব প্রতিশ্রুতি প্রণয়ন করা হয়েছে।

ঘোষিত ২৬ দফার মধ্যে উল্লেখযোগ্য প্রতিশ্রুতিগুলো হলো—

বিরামপুরকে জেলা হিসেবে বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং ছোট যমুনার পশ্চিম পাড়ে আধুনিক উপশহর গড়ে তোলা। নবাবগঞ্জে পৌরসভা প্রতিষ্ঠা ও ভাদুরিয়ায় স্থায়ী আধুনিক পুলিশ ফাঁড়ি স্থাপন। সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, ফ্লাইওভার, বাইপাস ও ওভারপাস নির্মাণসহ রেল ক্রসিংগুলো নিরাপদ করা।

করতোয়া নদীসহ সকল নদীর ভাঙন রোধ, শহর রক্ষা বাঁধ ও হাজিরঘাটে সেতু নির্মাণ। হিলি স্থলবন্দরের পূর্ণাঙ্গ আধুনিকায়ন, কন্টেইনার টার্মিনাল স্থাপন এবং আমদানি-রফতনি কার্যক্রম জোরদার করা।

কৃষি খাতে সংরক্ষণাগার, হিমাগার, সেচ প্রকল্প স্থাপন, সার-বীজের সুলভ মূল্য নিশ্চিতকরণ ও কৃষিপণ্যের ন্যায্য দাম নিশ্চিত করা। চার উপজেলায় বিসিক শিল্পনগরী স্থাপন এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা।

শিক্ষার মান উন্নয়নে মডেল শিক্ষাপ্রতিষ্ঠান, কলেজগুলোতে অনার্স কোর্স চালু ও সম্প্রসারণ, মাদরাসা শিক্ষার অবকাঠামো উন্নয়ন এবং আইটি ও বিজ্ঞান শিক্ষার প্রসার। যুবকদের জন্য কারিগরি ও আইটি প্রশিক্ষণ এবং দেশে-বিদেশে নিরাপদ কর্মসংস্থানের জন্য বিশেষ সহায়তা কেন্দ্র স্থাপন।

স্বাস্থ্যখাতে হাসপাতাল আধুনিকায়ন, শয্যা বৃদ্ধি, কমিউনিটি ক্লিনিক সচল, মা ও শিশুর জন্য স্বল্পমূল্যের মেডিকেটেড হেলথ সেন্টার ও ইউনিয়নভিত্তিক অ্যাম্বুলেন্স সেবা চালু। শ্রমিকদের স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় ও প্রাণিসম্পদ খাতে বিনামূল্যে ভেটেরিনারি সেবা নিশ্চিতকরণ।

এছাড়া সামাজিক সুরক্ষা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিরাপত্তা ও সংস্কৃতি সংরক্ষণ, সাংবাদিক কল্যাণ ফান্ড গঠন, পরিবহন শ্রমিকদের প্রশিক্ষণ ও নিরাপত্তা তহবিল, ক্রীড়া ও বিনোদন সুবিধা সম্প্রসারণ এবং পর্যটন খাত উন্নয়নের প্রতিশ্রুতি দেয়া হয়।

রেল যোগাযোগ উন্নয়নে হিলি ও ডাঙ্গাপাড়া স্টেশন আধুনিকায়ন এবং হিলি স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ নিশ্চিত করা হবে বলে জানান তিনি। পাশাপাশি জনবান্ধব পুলিশিং, মাদক-দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠন এবং হয়রানিমুক্ত সেবামূলক প্রশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করেন জামায়াত প্রার্থী।

সাংবাদিক সম্মেলনে আনোয়ারুল ইসলাম বলেন, দিনাজপুর-৬ আসনের মানুষকে সাথে নিয়ে একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও মানবিক সমাজ গড়ে তুলতে চাই।