বরগুনার আমতলীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উপজেলা কার্যালয় দখলের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে।
সোমবার (২ মার্চ) সকালে উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি মো: ইসফাক আহমেদ ত্বোহা, সবুজ উদ্দিন মালাকার ও মঞ্জুরুল ইসলাম রিফাতসহ চারজন ছাত্রলীগ নেতা ব্যানার টানিয়ে বিএনপি অফিস দখলের চেষ্টা চালায়।
এর আগে, শুক্রবার সকালে ছাত্রলীগের ভারপ্রাপ্ত উপজেলা সভাপতি আব্দুল মতিন খাঁনের নেতৃত্বে ছাত্রলীগ নেতারা প্রথম দফায় উপজেলা বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের ব্যানার টানিয়ে দখল করার চেষ্টা চালায়। কিন্তু বিএনপি নেতাদের তৎপরতায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।
কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের এমন কর্মকাণ্ডে এলাকার সাধারণ মানুষকে বিস্ময় প্রকাশ করতে দেখা যায়।
বিএনপি নেতাদের অভিযোগ, পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডাররা এমন কাজ করছেন। আরো অভিযোগ রয়েছে, বিভিন্ন মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে পৌর শহরে চলাফেরা করলেও পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।
স্থানীয়ভাবে জানা যায়, ৫ আগস্ট-পরবর্তী সময়ে বিএনপির একাংশের নেতারা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় দখল করে। ওই অফিসে তারা গত দেড় বছর ধরে দলীয় কার্যক্রম চালিয়ে আসছে। ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সক্রিয় হতে শুরু করে। বিভিন্ন মামলার আসামি হয়েও তারা প্রকাশ্যে পৌর শহরের চলাফেরা করছেন। বিএনপি নেতাদের অভিযোগ, পুলিশ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বেআইনি কাজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় তারা বেপরোয়া হয়ে উঠছে।
বিএনপি নেতাদের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতারা বিএনপির অফিস দখলের চেষ্টা চালায়। তারা দ্রুত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের দাবি জানান।
কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: ইসফাক আহম্মেদ ত্বোহা বলেন, ‘ওই অফিস আওয়ামী লীগের দলীয় কার্যালয় ছিল। ৫ আগস্টের পর বিএনপির একাংশ দখল করে তাদের দলীয় কার্যালয় বানিয়ে সভা-সমাবেশ করছেন। তাই ব্যানার টানিয়ে অফিস দখল করতে চেষ্টা করেছি। এখানে বিএনপির দলীয় কার্যালয় বলতে কিছু নেই।’
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো: তুহিন মৃধা বলেন, ‘পুলিশ প্রশাসনের নীরবতার কারণে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডাররা বার বার বিএনপি অফিস দখলের চেষ্টা করছে। পুলিশ তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ব্যানার টানিয়ে বিএনপির দলীয় কার্যালয় দখলের চেষ্টাকারীদের দ্রুত সময়ে মধ্যে গ্রেফতার করা হবে।’



