দীর্ঘ প্রায় ১০ বছরের শিক্ষাজীবন শেষে পাবলিক পরীক্ষায় একজন শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় ১৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি।
জানা গেছে, সাধারণ শিক্ষা বোর্ডে ৪৮ জন, মাদরাসা দাখিল ৭৪ জন এবং এসএসসি ভোকেশনালে ১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত রয়েছেন।
সলঙ্গা ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র জানান, বিয়ে ও ব্যক্তিগত কারণে অনেক শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝরে পড়ায় তারা পরীক্ষায় অংশ নেয়নি।
ধানগড়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শাহেদ আলী বলেন, কিছু শিক্ষার্থীর বিয়ে হয়ে যাওয়া এবং পরীক্ষায় কঠোর নিয়ন্ত্রণের কারণে অনেকেই অংশগ্রহণ থেকে বিরত রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী বলেন, ‘অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। তারা কেন পরীক্ষায় অংশ নেয়নি, সে কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে।’



