আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির লংগদু উপজেলার ২২টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ সম্পন্ন হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণ থেকে সংশ্লিষ্ট কেন্দ্রসমূহে সরঞ্জাম হস্তান্তর করা হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: মাইনুল হকের তত্ত্বাবধানে স্ব-স্ব কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা ব্যালট পেপার, সিল, স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালি, স্ট্যাম্প প্যাডসহ প্রয়োজনীয় সামগ্রী বুঝে নেন।
এসময় লংগদু থানার অফিসার ইনচার্জ মো: জাকারিয়াসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬৭ হাজার ২৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ হাজার ২৯৭ জন এবং নারী ভোটার ৩২ হাজার ৯৬৭ জন। ২২টি ভোটকেন্দ্রে মোট ১২২টি পোলিং বুথে ২২জন প্রিজাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর তিনটি বেজ ক্যাম্প, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে তিনজন করে পুলিশ ও ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।



