বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘আগামী দিনে ধাপে ধাপে এবং পর্যায়ক্রমে স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ এবং শিক্ষাখাতেও ৫ শতাংশ করে বরাদ্দ দেয়া হবে।’
শুক্রবার (২৪ জুলাই) সিলেট সদর উপজেলার লাক্কাতুরাস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে চা শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প, পরিবার পরিকল্পনা, মা ও শিশু সেবা এবং চক্ষু ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের বিগত পাঁচ মাসের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘সিলেটের স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ইতোমধ্যে একাধিক পদক্ষেপ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে ২৫০ শয্যার হাসপাতাল চালুকরণের বিষয়টি অনুমোদিত হয়েছে এবং তা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। অচিরেই চা বাগান এলাকাগুলোতেও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে, যাতে স্থানীয় বাসিন্দাদের সাধারণ চিকিৎসার জন্য আর শহরে ছুটতে না হয়।’
তেলের দাম প্রসঙ্গে তিনি যোগ করেন, ‘আন্তর্জাতিক বাজারে ওঠানামা সত্ত্বেও সরকার ভর্তুকি দিয়ে জ্বালানি সরবরাহ করছে এবং বর্তমানে তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।’
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ-এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা: জিয়াউর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান ও টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান।
দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে সিলেটের বিভিন্ন চা বাগানের বিপুল সংখ্যক শ্রমিক ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, চোখের চিকিৎসা এবং পরিবার পরিকল্পনা সংক্রান্ত পরামর্শ নেন।



