নোয়াখালী অফিস
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ওশানোগ্রাফি বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা উপলক্ষে ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘তোমাদের লেখাপড়ার সাথে সমুদ্র ও সামুদ্রিক সম্পদের বিষয়টি ওতপ্রোত ভাবে জড়িত। বঙ্গোপসাগর আমাদের জন্য মৎস্য সম্পদ, সামুদ্রিক জীববৈচিত্র, খনিজ ও প্রাকৃতিক সম্পদের এক বিশাল ভাণ্ডার।’
তিনি বলেন, ‘সমুদ্রকে ঘিরে রয়েছে ইকোনমির অপার সম্ভাবনা। তোমরা এ বিষয়ে জ্ঞান অর্জন করেছ, যা ভবিষ্যতে দেশের সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, সংরক্ষণ ও সঠিক ব্যবহারে গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।‘
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভিসি বলেন, ‘বাংলাদেশের সমুদ্র ও সামুদ্রিক সম্পদকে অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দ্বার হিসেবে প্রতিষ্ঠিত করতে তোমরা ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব বিবেচনায় ভবিষ্যতে নোবিপ্রবিতে একটি সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে আমদের সক্রিয় বিবেচনায় রয়েছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হাসান উদ্দীন ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান।
পরে, বিদায়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক ড. গোলাম রব্বানী।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



