পুর মহানগর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে বুধবার গভীর রাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা (টঙ্গী শাখা) আয়োজিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় আয়োজিত এ মিছিল থেকে দলটিকে হুঁশিয়ারি জানানো হয়েছে।
রাত ১২টার দিকে মাদরাসার শহীদ নাসির গেট থেকে শুরু হয়ে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অতিক্রম করে টঙ্গী সরকারি কলেজ গেট হয়ে দারুল ইসলাম ট্রাস্টের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভে ছাত্রশিবিরের পাশাপাশি জামায়াতে ইসলামী নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এ সময় টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমির নজরুল ইসলাম, ৫৪ নম্বর ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী নেয়ামত উল্লাহ, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আফিফ হাসান ইয়াকুবসহ স্থানীয় নেতারা অংশ নেন।
সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রশিবির তা’মীরুল মিল্লাত শাখা দফতর সম্পাদক মঈনুল ইসলামের সঞ্চালনায় সেক্রেটারি সাঈদুল ইসলাম বক্তব্য রাখেন। বক্তব্য দেন টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমির নজরুল ইসলামও।
বক্তব্যে সাঈদুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের কোনো নাশকতা সফল হতে পারবে না, ইনশাআল্লাহ। লীগ পেলেই সাথে সাথে জেলে দেয়া হবে। ভারতে বসে স্বাধীন শান্ত বাংলাকে অশান্ত করার সুযোগ দেয়া হবে না।’
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে টঙ্গীর বিভিন্ন সড়ক মুখরিত করে তোলেন।



