নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেছেন, ‘এশিয়া মহাদেশের দক্ষ রাজনীতিবিদ মুসলিমদের অন্যতম কর্ণধর ঢাকা বিশ্ব বিদ্যালয়ের দুইবারের নির্বাচিত জিএস মরহুম অধ্যাপক গোলাম আযম রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে স্মারকলিপি দিয়েছিলেন। এ জন্য তাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছিল। জেলে যেতে হয়েছিল।’
তিনি আরো বলেন, ‘কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযমের নাম তারা লিপিবদ্ধ করতে কার্পণ্যতা করেছেন। আমরা আশা করব, বর্তমান সরকার ও বিরোধী দল বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের পূর্বের ইতিহাসে যা সত্য তা-ই তুলে ধরবেন।’
তিনি শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নীলফামারী জেলা জামায়াত আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় জেলা জামায়াত অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, সদর উপজেলা আমির আবু হানিফা শাহ, সেক্রেটারি হামিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি আহমাদ রায়হান, নীলফামারী শহর সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আযাদ প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ মোহাম্মদ আব্দুল মুনতাকিম।



