বন্দরে বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে অন্যের জমি দখল ও সন্ত্রাসী হামলার অভিযোগ

বন্দরে এক বিএনপি নেতার পরিবারের বিরুদ্ধে অন্যের কেনা জমি জোর করে দখল করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা মেহদী হাসান(২২) নামের এক কলেজ শিক্ষার্থীকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Narayanganj
বন্দর থানা, নারায়াণগঞ্জ
বন্দর থানা, নারায়াণগঞ্জ |নয়া দিগন্ত

বন্দরে এক বিএনপি নেতার পরিবারের বিরুদ্ধে অন্যের কেনা জমি জোর করে দখল করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা মেহদী হাসান(২২) নামের এক কলেজ শিক্ষার্থীকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার মাথায় বেশ কয়েকটি সেলাই পড়ে বলে জানা যায়।

রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নরপদী এলাকায় স্থানীয় বিএনপি নেতা ও আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নজরুলের দুই ভাই ফজলু ও আহাম্মেদর নেতৃত্বে এই হমলার ঘটনাটি ঘটে।

পরে ভুক্তভোগী পরিবার ৯৯৯ নাম্বারে ফোন করলে বন্দর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফজলু গ্রুপ সে সময় সেখানে জোরপূর্বক বেশ কয়েকটি সীমানা খুঁটি পুঁতে এবং একটি ব্যানার টানিয়ে এগুলোতে হাত দিলে হাত-পা ভেঙ্গে ফেলা হবে বলে হুমকি প্রদান করে চলে যায়। এই ঘটনায় আহত মেহেদীর মা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আহত মেহেদী হাসানের বড় চাচা মো: হোসেন জানান, ১৯৮৮ সালে তারা এই জমিটি ক্রয় করে ভোগ দখল করছেন। কিন্তু এই জমিটি এখন ফজলু গ্রুপ ক্রয় করেছেন বলে দাবি করছেন। বিষয়টি নিয়ে আদালতে বর্তমানে মামলা চলমান আছে। কিন্তু আজ সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই বিএনপি নেতা নজরুলের দুই ভাই ফজলু ও আহমদের নেতৃত্বে ইসমাইলের ছেলে ইমরান ও ইমন, শিপন, রিপন সহ একটি বাহিনী এই জমিতে প্রবেশ করে মাপঝোক শুরু করেন এবং জমির ৩ পাশে সিমেন্টের খুটি পুতে মাঝখানে একটি ব্যানার টানিয়ে দেন এবং যদি কেহ খুটি সরায় তাহলে খুন করে ফেলবে বলে হুমকি দিয়ে যায়।

এ ব্যাপারে বিএনপি নেতা নজরুল জানান, আইন সকলের জন্য সমান। আমার ভাই যদি কোনো অপরাধ করে থাকে তাহলে অবশ্যই আমি তার বিচার চাই। কিন্তু এখানে আমার রাজনৈতিক পরিচয় কেন বুঝলাম না।