বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান বলেছেন, পবিত্র মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস। এই মাস আমাদেরকে বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের শিক্ষা দেয়। শ্রমজীবী মানুষকে তাদের হক ফিরিয়ে দেয়ার শিক্ষা দেয়।
তিনি বলেন, জাতীয় অর্থনীতিতে অবদান রাখা সত্ত্বেও শ্রমজীবী মানুষ আজ অবহেলিত। সমাজে ইনসাফ না থাকায় তারা নিজের অধিকার থেকে বঞ্চিত। ইনসাফভিত্তিক সমাজ ও ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা ছাড়া শ্রমজীবী মানুষের অধিকার আদায় সম্ভব নয়। তাই মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শ্রমজীবী ভাই-বোনদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি রোববার (৮ মার্চ) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর উদ্যোগে শ্রমিক নেতৃবৃন্দের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় সিলেট জেলা ২ নং বার হলে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল হাই হারুন, ফেডারেশনের সিলেট মহানগরীর উপদেষ্টা জাহেদুর রহমান চৌধুরী, ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা ফারুক আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের মহানগর সহ-সভাপতি মিয়া মোহাম্মদ রাসেল, সহ-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, আক্কাস আলী, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দিলশাদ মিয়া, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শামীম প্রমুখ।



